মহররম উপলক্ষে আইভীর বাড়িতে নেওয়াজ বিতরণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৪৮ পিএম
পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবনে দোয়া মাহফিল, ধর্মীয় বয়ান এবং নেওয়াজ (শিরনি) বিতরণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মসূচি তাদের পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা হিসেবে পালিত হয়।
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরিকতপন্থি অনুসারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তবে আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।
সংশ্লিষ্টদের দাবি, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারির কারণে এবারের আয়োজনে রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।
সন্ধ্যার পর আইভীর বাসভবন চত্বরে অবস্থিত খানকা শরিফে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বাসার ভেতর ও সামনের সড়কে শিশু-কিশোরদের অংশগ্রহণে মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশিত হয়। একই সময়ে তাজিয়া প্রস্তুতির কাজও চলতে দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা খেলাঘরের সভাপতি ইসলাম জহির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সাংস্কৃতিক কর্মী ফারুক মহসিনসহ আরও অনেকে।
এদিকে রাত পৌনে ১০টার দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসভবনের সামনের সড়ক দিয়ে অতিক্রম করে। এ সময় নিরাপত্তার স্বার্থে বাসভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।