শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ব্যক্তিগত ধারণা রুমিন ফারহানার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:১৫ পিএম

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তার ব্যক্তিগত ধারণা হলো, শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে সরাইল উপজেলা প্রশাসন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে রুমিন ফারহানা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম শুধু টেলিভিশন চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের হাতেই এখন বিভিন্ন ডিজিটাল মাধ্যম রয়েছে। তাই কেউ চাইলে যেকোনো বক্তব্য শুনতে পারেন এবং তা পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়। একই সঙ্গে তিনি বলেন, অতীতে শেখ হাসিনার সরকারের সময় আদালতের নির্দেশে তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা ছিল। এমন পদক্ষেপ গণতান্ত্রিক চর্চার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেই প্রশ্নও তোলেন তিনি।

শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তিনি বাংলাদেশের একজন নাগরিক এবং দেশের রাজনীতিতে তার ও তার পরিবারের দীর্ঘদিনের অবদান রয়েছে। পাশাপাশি তার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এসব বিষয় এবং শেখ হাসিনার বয়স বিবেচনায় তিনি মনে করেন, দেশে ফিরে না এলে তার দল ও রাজনৈতিক ইতিহাসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তাই তার ব্যক্তিগত বিশ্বাস, শেখ হাসিনা দেশে ফিরবেন।

সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার ইঙ্গিত বহন করে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিজেদের ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়ার বিষয়টিও এতে প্রতিফলিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি তা বয়কট করেছে। এ বিষয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাকে মেনে নেওয়াই বিএনপির জন্য বাস্তবতা।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970