ছাত্রদলে ছাত্র নাই সব বস্তির টোকাই: এমপি রায়হান সিরাজী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য উদ্ধৃত করে রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেছেন, ‘ছাত্রদলে ছাত্র নেই, সব বস্তির টোকাই।’ তিনি দাবি করেন, এটি তার ব্যক্তিগত বক্তব্য নয়, বরং বেগম খালেদা জিয়ারই মন্তব্য।
বুধবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রংপুরের শাপলা চত্বরে আয়োজিত ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রংপুর মহানগর জামায়াত এ সমাবেশের আয়োজন করে।
বক্তব্যে রায়হান সিরাজী বলেন, ইংরেজি ক্যালেন্ডারে ৫ আগস্ট হলেও তরুণ প্রজন্মের কাছে দিনটি ‘৩৬শে জুলাই’। তিনি দাবি করেন, বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাগার থেকে মুক্ত হওয়ার পর ছোট ছোট শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়েছিলেন। তবে দুই বছর না যেতেই সেই তরুণদের প্রতিই নেতিবাচক মনোভাব প্রকাশ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক নির্বাচন ও ঘটনাপ্রবাহের সমালোচনা করে তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয় ও একটি মাদ্রাসার ঘটনায় ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তার দাবি, পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিজয়ী হওয়ার পর থেকেই প্রতিপক্ষের আচরণে পরিবর্তন এসেছে।
রায়হান সিরাজী আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাই প্রদর্শনীতে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি সরিয়ে দিতে বলেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, একসময় বেগম খালেদা জিয়াও এসব নেতাকে সঙ্গে নিয়েই সরকার পরিচালনা করেছিলেন।
তিনি আরও বলেন, যদি ওই নেতাদের বিচারকে অন্যায় বলা হয়, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ও জুলুম হিসেবে বিবেচিত হবে। তার ভাষ্য, তৎকালীন সরকারের সময়কার বিচারগুলো ছিল ‘বিচারের নামে জুলুম’।
রংপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারি রংপুরের জনগণ বিএনপিকে ‘লাল কার্ড’ দেখিয়েছে এবং ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবি সংবলিত ব্যানারে আঘাতের ঘটনার নিন্দা জানিয়ে রায়হান সিরাজী বলেন, আলেম-ওলামাদের অবমাননা করলে তার পরিণতি ভালো হয় না। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।