জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা কর্মসূচি ঘিরে উত্তেজনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানোর কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ অবস্থান নিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পূর্বঘোষিত কর্মসূচি ছিল। তবে দলটির নেতাদের দাবি, সকাল থেকেই কার্যালয়ের আশপাশে পুলিশ অবস্থান নেয় এবং পরে কার্যালয়ের ভেতরেও পুলিশ সদস্যরা অবস্থান নেন।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেন, প্রতিবছর ১৫ আগস্ট তাদের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এবারও পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকাল ৪টায় শ্রদ্ধা জানানোর কথা ছিল।

তিনি অভিযোগ করে বলেন, সকাল ৮টা থেকেই পুলিশ তাদের কার্যালয় ঘিরে রেখেছে। পাশাপাশি কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। এ ধরনের আচরণের নিন্দা জানান তিনি।

নাজমুল হক প্রধান আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকার পরিস্থিতি ঘোলাটে করতে চায়।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই সেখানে পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, তারা সেখানে একটি কর্মসূচি আয়োজন করবে বলে পুলিশ জানতে পেরেছে। তবে সেখানে কোনো কর্মসূচি আয়োজনের অনুমতি নেই।

জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট মোতায়েন নয়। কোনো কর্মসূচিকে কেন্দ্র করে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970