দুর্ঘটনার কবলে হেফাজত আমিরকে বহনকারী গাড়ি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
ফেনীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাবুনগরীসহ তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
বুধবার ১৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে বারইয়ারহাট এলাকায় পৌঁছালে বাবুনগরীকে বহনকারী হায়েস গাড়ির পেছনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়।
তবে এ ঘটনায় গাড়িতে থাকা কেউ আহত হননি। পরে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে নোয়াখালীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে পাঠানো হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক বলেন, বাসের ধাক্কায় গাড়িটির পেছনের কাচ ভেঙে গেছে। তবে হেফাজতের আমির ও তার সফরসঙ্গীদের কারও কোনো সমস্যা হয়নি। পরে তিনি অন্য গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে রওনা হন।
হেফাজত নেতা ও খেলাফত মজলিসের ফেনী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী জানান, দুর্ঘটনার পর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী তার সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে। মহাসড়ক পুলিশ জানায়, বাসটির মালিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুর্ঘটনায় বাসটির কোনো যাত্রীও হতাহত হননি।