‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতের কেউ নন। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার স্ত্রী কীভাবে মারা গেছেন, সেটি তদন্ত করে দেখার দায়িত্ব সরকারের। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, বিষয়টি ব্যক্তিগত। এ নিয়ে জামায়াতের বক্তব্য দেওয়ার কিছু নেই। গাজী নজরুল ইসলামও এখন জামায়াতের কেউ নন। কোনো ব্যক্তিগত অপরাধ বা ঘটনার তদন্তের দায়িত্ব সরকারের। তাই এ বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য নেই।

এর আগে রোববার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটটির তৃতীয় তলার ২০৩ নম্বর কক্ষে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলাম জানিয়েছিলেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এরপর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছেও চিঠি দেয় দলটি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970