জাতির সঙ্গে গাদ্দারি আমরা বরদাস্ত করব না: হুঁশিয়ারি জামায়াত আমিরের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

ছবি: সংগৃহীত

জাতির সঙ্গে গাদ্দারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ কীভাবে দাবি আদায় করতে হয়, তা জানে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা, খুলনা ও কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনতার সাত দফা দাবি আদায়ের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। তাদের মূল দাবি হলো, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। বিএনপিকে এই রায় বাস্তবায়ন করতে হবে।

বিএনপিকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে বিএনপি জানিয়েছিল, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ৩৩টি দল সেই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে। এখন ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় বিএনপিকেও তা মেনে নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের টালবাহানা চলবে না।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে বাকি ছয় দফা নিয়ে দেশের মানুষকে আর ভোগান্তিতে পড়তে হবে না। জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালোয় ভালোয় দাবি মেনে নিন, অন্যথায় জনগণ জানে কীভাবে দাবি আদায় করতে হয়।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ প্রমাণ করেছে, গুলি, বন্দুক কিংবা কামান দিয়ে তাদের দমিয়ে রাখা সম্ভব নয়। এ দেশের মানুষ মুক্তির রাজপথ চিনে নিয়েছে। নব্য ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে প্রয়োজনে বুকের রক্ত দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।

এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, দেশের মানুষের মুক্তির কথা বলতেই তারা রাজপথে নেমেছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দাবিও তুলে ধরতে এসেছেন তারা।

তিনি অভিযোগ করেন, দেশের মানুষকে ১ হাজার ২০০ টাকার গ্যাস ২ হাজার ৫০০ টাকায় কিনতে হচ্ছে। একইভাবে ২ হাজার টাকার বিদ্যুৎ বিল বেড়ে ৫ হাজার টাকা পর্যন্ত হচ্ছে। বিএনপি সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়ন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠা বিশৃঙ্খলা বন্ধ এবং গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর আহ্বান জানান তিনি।

লংমার্চ উপলক্ষে সকাল থেকেই খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতু থেকে রূপসার কুদির বটতলা পর্যন্ত ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নওয়াপাড়া মোড় ও কাটাখালী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে।

কাটাখালীতে আয়োজিত পথসভা একপর্যায়ে জনসভায় রূপ নেয়। এতে নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। মহাসড়কের পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে লংমার্চের গাড়িবহরের অপেক্ষা করেন তারা। নওয়াপাড়া এলাকায় ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নারী নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।

১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের দাবি, এ কর্মসূচির মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে জনমত তৈরি হবে। কাটাখালীর পথসভা শেষে লংমার্চের গাড়িবহর খুলনার উদ্দেশে যাত্রা করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970