আমি রাতারাতি নেতা হইনি, দীর্ঘসময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম

ছবি: সংগৃহীত

আমি হঠাৎ করে রাজনীতিতে আসিনি কিংবা রাতারাতি নেতা হয়ে উঠিনি। দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই মানুষ তাকে চিনেছে। তিনি সবসময় সহনশীলতার সঙ্গে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করেছেন। একজন তরুণ হিসেবে জাতীয় রাজনীতিতে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, ততটুকু রাখার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে রাশেদ খাঁন বলেন, দেশের স্বার্থে সবাইকে সহনশীল হতে হবে। তবে গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একের পর এক লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং দলটিকে ভিলেন হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাইয়ের আন্দোলনেও বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ঐক্যের কথা বলেছেন। পাশাপাশি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐক্যের প্রশ্নে তারা সবসময় সহনশীল ও ধৈর্যশীল আচরণ করেছেন। প্রয়োজনে ছাড় দিতেও তারা প্রস্তুত রয়েছেন।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল একই স্বাক্ষরিত জুলাই সনদে একমত হয়েছে। সরকার এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

তাই এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি কিংবা কোনো ধরনের শর্ত আরোপের যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970