প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি এনসিপির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, এই কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতারাও এসব ঘটনার ভুক্তভোগী হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
পতিত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে বিদ্যমান উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত ৭ থেকে ৮ মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, যেকোনো ধরনের রাজনৈতিক ঐক্যে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে এনসিপি।
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়ে নাহিদ বলেন, একদলীয়ভাবে গঠিত এই কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিলের সুপারিশ করেছে এনসিপি। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দলটি।
নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী যে লড়াই হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। এই লড়াই ছিল গণতন্ত্রের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির মধ্যে। গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। এতে দেশে অর্থনৈতিক বিনিয়োগও বাধাগ্রস্ত হবে। তাই সংস্কার অত্যন্ত জরুরি।
ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের অবস্থান ভারতের কাছে কঠোরভাবে তুলে ধরতে হবে। ন্যায্য পানির হিস্যা আদায়ে সরকার যেন কোনো ধরনের আপস না করে, সেই আহ্বান জানানো হয়েছে।
শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ও গণহত্যাকারী উল্লেখ করে নাহিদ বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভারতের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং গণহত্যাকারী দলকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে। বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ, বিএনপি কিংবা এনসিপির রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ভূরাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে।
তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও এ দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ। রাজনৈতিকভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সরকারের প্রতি সুপারিশ করেছে এনসিপি।
ভারতের সীমান্তবর্তী এলাকায় হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশবিরোধী সমাবেশের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, সেখানে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বলে মিথ্যা বক্তব্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে। ওই সমাবেশে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন। তার দাবি, বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বজুড়ে অপতথ্য ছড়ানোর প্রচার চালানো হচ্ছে।
নাহিদ বলেন, ভারতের আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে। দলিতরাও নির্যাতনের শিকার হচ্ছেন। সংখ্যালঘু নির্যাতনের এসব ঘটনা বিশ্বপরিসরে তুলে ধরতে হবে।
তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন এবং তাদের সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে। সরকারের অতীতের কিছু ভুলত্রুটির কারণেও বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এসব বিষয় বিবেচনায় সরকারের দায়িত্ব বেশি বলেও মনে করেন এনসিপির আহ্বায়ক।
প্রধানমন্ত্রী তাদের দাবির বিষয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছেন, এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, প্রধানমন্ত্রী এসব বিষয় বিবেচনায় নিয়ে আলোচনা অব্যাহত রাখতে চান বলে জানিয়েছেন।
বৈঠক নিয়ে সন্তুষ্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে ভবিষ্যতে এক মঞ্চে থাকার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে নাহিদ বলেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা, এই তিনটি বিষয় এনসিপির নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা। এসব প্রশ্নে দলটি লড়াই চালিয়ে যাবে। এই লড়াইয়ে অংশ নিতে বর্তমান সরকারপ্রধানকে আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়েই এনসিপির জন্ম। তাই এই লড়াই অব্যাহত থাকবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সরকার পাশে না থাকলেও তারা নিজেদের অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাবেন।
বৈঠকে সন্তুষ্টি প্রসঙ্গে নাহিদ বলেন, আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে, তা বোঝা যাবে পরবর্তী সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় কি না, তার ওপর।