পালিয়ে যাবো না বলে যে চলে যায়, সে ‘আসি আসি’ বলেও আর আসবে না: হাসনাত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, শেখ হাসিনা বারবার দেশে ফেরার কথা বললেও শেষ পর্যন্ত তিনি আর ফিরবেন না। কারণ, যিনি একসময় বলেছিলেন পালিয়ে যাবেন না, তিনিই শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির মোটরসাইকেল র‍্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘উনার জন্য একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার সীমান্ত পরীক্ষা করো। এগুলো নাটক। উনি বলতেন না, সারাজীবন আমরা পালিয়ে যাবো না। পালিয়ে যাবো না বলে যে চলে যায়, সে আসি আসি বলেও আর আসবে না।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দিন শেষে শেখ হাসিনা দেশে ফিরবেন না। তবে তিনি ফিরে এলে তাকে স্বাগত জানানো হবে। তার জন্য ফুল নিয়ে যাওয়া হবে। বাংলাদেশের মানুষ তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।

এনসিপির এই নেতা বলেন, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুন। কারণ, তিনি ফিরলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের আদর্শে উজ্জীবিত কিছু মানুষের জন্য এসব নাটক করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্তে নজরদারির প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, দেশে আসতে হলে সীমান্ত পরীক্ষা করার প্রয়োজন হয় না। মাদক কারবারিরা সীমান্তের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে প্রবেশের জন্য আগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তার ভাষ্য, শেখ হাসিনার ক্ষেত্রে এসব বক্তব্য মূলত নাটক ছাড়া কিছু নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970