খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগের চেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ এএম

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা।

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম।

ফেসবুক পোস্টে তিনি জানান, রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তার অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। হামলার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন।

সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের পরিকল্পনা ছিল পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়া।

তিনি আরও জানান, আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।

তিনি লেখেন, পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও রাতের আঁধারে হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়।

পোস্টের শেষাংশে সাদিক কায়েম বলেন, এ ধরনের চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের দমাতে পারবে না, বরং আন্দোলনকে আরও দৃঢ় করবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970