দেশে শুরু হলো পবিত্র মাহে রমজান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ থেকে রমজান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে দেশব্যাপী পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।

চাঁদ দেখার ঘোষণার পর বুধবার রাতেই এশার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে তারাবিহ নামাজ আদায় করেন। মূলত তারাবিহ নামাজের মাধ্যমেই রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোররাতে সাহ্‌রি গ্রহণের পর রোজা রাখার নিয়তের মধ্য দিয়ে শুরু হয় সিয়াম পালন।

রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবিহ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারাবিহ নামাজে পবিত্র কোরআনের তিলাওয়াতের পরিমাণে ভিন্নতা নিরসনে প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। এর মাধ্যমে ২৭ রমজান রাতে, অর্থাৎ শবে কদরে, পবিত্র কোরআন খতম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন। রোজা পালনের পাশাপাশি দান-খয়রাত, কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সাধনায় নিয়োজিত থাকবেন তারা।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে রমজান মুসলিম উম্মাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়। মহান আল্লাহর অশেষ রহমত ও ক্ষমা লাভের আশায় সারা বছর ধরেই এ মাসের প্রতীক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বুধবার থেকে রোজা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার।

অন্যদিকে চাঁদ দেখা না যাওয়ায় ওমানসহ ভারত, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান ও সিঙ্গাপুরসহ আরও বেশ কয়েকটি দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970