২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেসব ব্যক্তি হজে যেতে পারবেন না
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
আগামী বছরের (২০২৭) হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে সোমবার (২৭ জুলাই) থেকে। নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের বয়স, স্বাস্থ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসংক্রান্ত বিভিন্ন শর্ত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সী কোনো ব্যক্তি হজে যেতে পারবেন না। পাশাপাশি গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্তদেরও হজ পালনের অনুমতি দেওয়া হবে না।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, হৃদযন্ত্র, ফুসফুস, লিভার কিংবা কিডনির জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগীরা হজযাত্রার অনুমতি পাবেন না।
এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এর মধ্যে যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক জ্বরে আক্রান্তরা রয়েছেন। একই সঙ্গে গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজযাত্রার জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতার সনদ দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বা বেসরকারি—উভয় ব্যবস্থাপনাতেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে তার আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।