পবিত্র আশুরা আজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০১:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

আজ ১০ মহররম ১৪৪৮ হিজরি, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এ দিনটি নফল রোজা, নামাজ, দান-সদকা, জিকির-আজকার ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামের ইতিহাসে ৬১ হিজরির এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) শাহাদাত বরণ করেন। সত্য ও ন্যায়ের পক্ষে অটল অবস্থান নেওয়ায় কারবালার মরুপ্রান্তরে তাঁর সঙ্গে শতাধিক সঙ্গীও শাহাদাত লাভ করেন। মানব ইতিহাসে কারবালার ঘটনা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ধর্মীয় বর্ণনা অনুযায়ী, আশুরার আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো এ দিনে আল্লাহ তাআলা হজরত মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দেন এবং ফেরাউনকে তার বাহিনীসহ সাগরে নিমজ্জিত করেন। এ উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে হজরত মুসা (আ.) ও বনি ইসরাঈল রোজা পালন করতেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাদের বাণীতে পবিত্র আশুরার শিক্ষা ধারণ করে শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি পালন করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি গণমাধ্যমে দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায়ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে দিবসটি পালন করছে। বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, শোকসভা ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিল ও অন্যান্য কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে শোক কর্মসূচিগুলো নির্বিঘ্ন রাখতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

তিনি জানান, মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে এবং কোনো ধরনের ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, ব্যাগ বা সন্দেহজনক সামগ্রী বহন করা যাবে না। পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র, ঢাক-ঢোল, আতশবাজি ও পটকা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া তাজিয়া মিছিল চলাকালে যানজট এড়াতে নির্ধারিত সড়কগুলোতে যান চলাচলে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।

ধর্মীয় বিশ্লেষকদের মতে, কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক শোকগাথা নয়, বরং সত্য, ন্যায়, মানবিক মর্যাদা ও আদর্শের জন্য আত্মত্যাগের এক চিরন্তন শিক্ষা। যুগে যুগে এই শিক্ষা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে আসছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970