হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৪
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৫৪ পিএম
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।
শুক্রবার (১৫ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া দুই হজযাত্রী হলেন গাজীপুর সদরের নাসরীন জাহান এবং সাভারের নুসরাত শারমীন।
হজ অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১১৫ জন। মোট ১৪৬টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ৪৩০টি সেবা প্রদান করা হয়েছে।
হজ অফিস জানিয়েছে, চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জনের বেশি বাংলাদেশি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।
এদিকে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।