নিজের নামের সঙ্গে ‘শায়খ’ শব্দটি কীভাবে যুক্ত হলো, জানালেন আহমাদুল্লাহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি: সংগৃহীত

নিজের নামের আগে ‘শায়খ’ শব্দটি ব্যবহারের কারণ ব্যাখ্যা করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি ‘শায়খ’ শব্দটির অর্থ, ব্যবহার ও নিজের নামের সঙ্গে এটি যুক্ত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন।

আলাপচারিতায় এক সাংবাদিক জানতে চান, দেশে ইসলামী আলেমদের নামের আগে সাধারণত মুফতি বা মাওলানা ধরনের পরিচিতি দেখা গেলেও তার নামের শুরুতে ‘শায়খ’ শব্দটি কেন ব্যবহৃত হয়।

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘শায়খ’ মূলত একটি সম্মানসূচক ভূষণ। আমরা যেমন কাউকে সম্মান জানাতে ‘জনাব’ বা ‘শ্রদ্ধেয়’ শব্দ ব্যবহার করি, ‘শায়খ’ও অনেকটা তেমন। শব্দটি মূলত জ্যেষ্ঠতা বা সিনিয়রিটি বোঝায়।

তিনি বলেন, আরব বিশ্বে ‘শায়খ’ একটি পরিচিত সম্বোধন। সেখানে আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণির মানুষ একে অপরকে সম্মান করে ‘শায়খ’ বলে সম্বোধন করেন। তবে আলেমদের ক্ষেত্রে শব্দটির ব্যবহার তুলনামূলক বেশি।

নিজের প্রবাস জীবনের স্মৃতিচারণ করে আহমাদুল্লাহ বলেন, তিনি সৌদি আরবে প্রায় ১০ বছর ছিলেন। সেখানে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলাভাষী প্রবাসীদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে সহায়তা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। কোনো প্রবাসী আইনি জটিলতা বা মামলায় জড়িয়ে পড়লে কখনো কখনো স্থানীয় আদালতের বিচারকদের সঙ্গে দোভাষীর দায়িত্বও পালন করতে হতো তাকে।

তিনি জানান, সৌদি আরবে থাকা অবস্থায় বাংলা ভাষাভাষী প্রবাসীদের কাছেও ‘শায়খ’ শব্দটির ব্যবহার ছিল পরিচিত। মূলত সেখান থেকেই শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।

তবে ‘শায়খ’ কোনো বিশেষ ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক অর্জনের উপাধি নয় বলেও স্পষ্ট করেন তিনি। তার ভাষ্য, মুফতিদের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট যোগ্যতা ও দায়িত্বের বিষয় রয়েছে, ‘শায়খ’ শব্দটি তেমন কোনো আনুষ্ঠানিক উপাধি নয়। বাংলাদেশে যেমন কাউকে মাওলানা বা হুজুর বলে সম্বোধন করা হয়, আরব বিশ্বে অনেকটা তেমনভাবেই ‘শায়খ’ বলে সম্বোধন করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970