গাজীপুরে মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাবার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় ট্রাকচাপায় লোকমান হোসেন নামে এক পথচারী ও দিরু নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজির ছেলে। নিহত দিরুর বাড়ি নেত্রকোনায়। তিনি মাছ ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, আগামী শুক্রবার লোকমান হোসেনের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে মঙ্গলবার বরপক্ষের লোকজনও তার বাড়িতে আসার কথা ছিল। মেয়ের বিয়ের বাজার করতে মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হন লোকমান। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি।
এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লোকমানকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী দিরুও গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহত লোকমান ও দিরুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় মাছ ব্যবসায়ী দিরুও মারা যান।
দুর্ঘটনায় মাছবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের চালকের পাশের আসনে থাকা দিরু গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লোকমান হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়েকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বাড়িতে আনন্দঘন পরিবেশে নানা প্রস্তুতি চলছিল। কিন্তু বিয়ের বাজার করতে বের হয়ে লোকমানের মৃত্যুতে সেই আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। যে বাবার মেয়ের বিয়ের বাজার নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, শেষ পর্যন্ত তাকে ফিরতে হয়েছে নিথর দেহ হয়ে।