ভৈরবে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা প্রবাসীর মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে রোকন আহমেদ জয় নামে ২৬ বছর বয়সী এক সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকন আহমেদ জয় ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। জীবিকার প্রয়োজনে প্রায় দুই বছর সিঙ্গাপুরে অবস্থান করছিলেন তিনি। প্রায় এক মাস আগে ছুটিতে দেশে ফেরেন বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, সোমবার দিবাগত রাতে ঘর থেকে ডেকে নিয়ে রোকনের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে তার মরদেহ ঝুলিয়ে রেখে যায় বলে দাবি তাদের। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকনকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970