নবজাতক ও স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

সন্তান জন্মের পর স্ত্রী ও নবজাতক হাসপাতালে ভর্তি থাকায় তাদের জন্য ওষুধ কিনতে হাসপাতালের নিচে নেমেছিলেন মো. হাসান। এ সময় গোয়েন্দা পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যান। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে হাসানকে তুলে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। পরে সোমবার রাতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

হাসানের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে সন্তান প্রসবের জন্য তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান জন্মের পর নবজাতককে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অন্যদিকে হৃদরোগে আক্রান্ত হাসানের স্ত্রীকে ভর্তি করা হয় হৃদরোগ নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

পরিবারের দাবি, এ অবস্থায় স্ত্রী ও নবজাতকের জন্য ওষুধ কিনতে হাসপাতালের নিচে নামেন হাসান। তখন গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন তাকে ধরে নিয়ে যান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগের কোনো সুযোগ দেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাসপাতালের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে কয়েকজন ব্যক্তিকে হাসানকে টেনেহিঁচড়ে হাসপাতাল থেকে নিয়ে যেতে দেখা গেছে।

হাসানের আত্মীয় আবুল কালাম বলেন, হাসানকে নিয়ে যাওয়ার বিষয়টি হাসপাতালের নিরাপত্তা ক্যামেরায়ও ধরা পড়েছে। তারা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। প্রথম দিকে কেউ হাসানকে আটক করার বিষয়টি স্বীকার করেনি। পরে জানতে পারেন, তাকে হাটহাজারী থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক হুমায়ুন কবীর বলেন, নিরাপত্তারক্ষীরা পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তিরা গোয়েন্দা পুলিশের পরিচয়পত্র দেখান। তবে কেন হাসানকে আটক করা হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানে না।

তিনি আরও জানান, হাসানের স্ত্রী সোমবার সকালে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, সোমবার রাতে হাসানকে থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970