শেখ হাসিনার ফাঁসি দেশের জনগণ কার্যকর করবে: প্রতিমন্ত্রী টুকু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হুমকি ধামকি দিয়ে বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, বাংলাদেশের জনগণ সেই রায় কার্যকর করতে চায়।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন। প্রান্তিক খামারিদের উন্নয়নে খাল খননের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও গুরুত্ব দেওয়া হয়েছিল।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বেগম খালেদা জিয়াও কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও এই জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের জন্য কাজ করে। দলটি ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণের মাধ্যমে প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা চলছে। এগুলো যথাযথভাবে লালন পালন করা হলে একসময় উপকারভোগীরা নিজেরাই খামারি হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
বিগত সরকারের সমালোচনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ওই সরকার খুন গুমসহ নানা ধরনের অপরাধ করেছে। শিশুদেরও হত্যার অভিযোগ রয়েছে। জনগণ ঐক্যবদ্ধভাবে সেই সরকারকে বিতাড়িত করেছে। এখন তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার যে ফাঁসির রায় হয়েছে, সেই রায় বাংলাদেশের জনগণ কার্যকর করতে চায়। এত খুন গুমের পরও কোনো অনুশোচনা নেই। বরং হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এসব হুমকি ধামকি দিয়ে দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে, তখনই বিএনপি গণতন্ত্র রক্ষায় আন্দোলন করেছে। কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে, সে জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ২৫ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।