কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ৬ জনের নামপরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ রাজধানী ঢাকা ও চুয়াডাঙ্গার বাসিন্দারা রয়েছেন।

শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা, বয়স ৩০ বছর, মিলিতা মেহেজাবিন আলভী, বয়স ২৩ বছর, খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা, বয়স ২৭ বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী জেরিফ, বয়স ২৭ বছর, চুয়াডাঙ্গার ফারিহা কবির, বয়স ৩৩ বছর এবং পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ।

নিহতদের কয়েকজনের স্বজন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে তার পাঁচজন কাজিন ও পাঁচ বছর বয়সী এক ভাগনি রয়েছে। এ ঘটনায় তার মামা মাসুদ ও মামী মেহেরুন্নেসা আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহাদ সরকার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে তার পরিবারের ছয় সদস্যের মৃত্যুর খবর পান। পরে আরও একজনের মৃত্যুর খবর আসে। পোস্টে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য সবার কাছে দোয়া চান।

এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

উপাচার্য নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করে দায়ীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

শোকবার্তায় উপাচার্য আরও বলেন, এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহতদের পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম। তিনি জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে রিসোর্টে অগ্নিকাণ্ডে নাফিজ তেহামীসহ তার পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এক শোকবার্তায় সাদিক কায়েম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এ ঘটনায় গভীরভাবে শোকাহত।

তিনি আরও জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন। আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন, বয়স ৩১ বছর, তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান, বয়স ২৯ বছর, মান্নান, বয়স ৩৪ বছর, মেহেরুন্নেসা, বয়স ৩০ বছর, মাসুদ, বয়স ৩০ বছর এবং সামিদা, বয়স ৩২ বছর।

এর আগে শনিবার ১৭ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ইনানীর টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970