কক্সবাজারে অগ্নিকাণ্ড: তিন বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মেলিতা মেহেজাবিন আলভি। এ ঘটনায় একই পরিবারের ছয় সদস্যেরও মৃত্যু হয়েছে।

শনিবার ১৭ অক্টোবর সকাল ৭টার দিকে ইনানীর টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন একই পরিবারের নয় সদস্য। তাদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পান তারা। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানান, রিসোর্টটিতে ২৭ জন প্রবেশ করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে নয়জন রিসোর্টের বাইরে ছিলেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, আব্দুল আহাদ সরদারের পরিবারের নয় সদস্য ওই রিসোর্টে ছিলেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে তিনি নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

তিনি লেখেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এ ঘটনায় গভীরভাবে শোকাহত। সর্বশেষ তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970