কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হেফাজতে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ সুমনকে থানায় নেওয়া হচ্ছে। সেখানে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে, একই দিন বিকেল ৩টার দিকে রিসোর্টটিতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এর পরপরই রিসোর্টের ম্যানেজারকে পুলিশি হেফাজতে নেওয়ার খবর সামনে আসে।
শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকত এলাকায় অবস্থিত অনুমোদনহীন টুপটুপ রিসোর্টে আগুন লাগে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।