ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে মাদকের বিস্তার নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পৌর বিএনপির সভাপতি কমল লোহানী। মাদক বেড়ে যাওয়ার জন্য ওসিকে দায়ী করে তাকে ‘মাদকের ডিলার’ ও ‘পৃষ্ঠপোষক’ বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার ১৮ অক্টোবর রাতে বদরগঞ্জ উপজেলার জামুবাড়ি পকিহানা রেলগেট খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের একটি খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন কমল লোহানী।

বক্তব্যে তিনি বলেন, বদরগঞ্জে মাদকের ছড়াছড়ি বেড়েছে। বর্তমান ওসি মাদকের ডিলার এবং মাদক ব্যবসার পৃষ্ঠপোষক। তার কারণেই এলাকায় মাদকের বিস্তার বেড়েছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার লোহানী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে ওসির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমল লোহানী বলেন, এলাকায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। হাতে গোনা যে দুয়েকটি অভিযান পরিচালিত হচ্ছে, সেগুলোও রংপুর থেকে এসে চালানো হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে ওসির কোনো কার্যকর অবস্থান নেই বলে অভিযোগ করেন তিনি।

কমল লোহানীর দাবি, আওয়ামী লীগের শাসনামলে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তারা এখন মাসোহারা দিয়ে মাদক বিক্রি করছেন।

তিনি আরও বলেন, ওসির বিরুদ্ধে তার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই এবং তিনি তার শত্রুও নন। বদরগঞ্জে তার নিজের বাড়ি হওয়ায় এলাকার ভালো চান বলেও উল্লেখ করেন তিনি।

ওসির বিরুদ্ধে তদন্ত করা হলে আরও অনেক বিষয় সামনে আসবে বলেও দাবি করেন কমল লোহানী।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিলে একজন নেতা আলোচনায় আসতে পারেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া মনগড়া অভিযোগ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

ওসি আরও বলেন, কমল লোহানীর সঙ্গে তার সম্পর্ক ভালো। তাই তার বিরুদ্ধে এমন অভিযোগ শুনে তিনি নিজেও হতবাক হয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970