লালমনিরহাট সীমান্তে নারী শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।
রোববার ১৮ অক্টোবর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের মধ্যে ছিলেন ২ শিশু, ২ নারী ও ৮ জন পুরুষ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। বিজিবির বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।