শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের দাবি করা রুবেল গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল নামে ৩৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায়ই কথা হতো বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ১৭ অক্টোবর রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শহিদুল নিজেকে শেখ হাসিনা ঐক্য পরিষদ নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ শেখ হাসিনা ঐক্য পরিষদ, চট্টগ্রাম উত্তর শেখ হাসিনা ঐক্য পরিষদ এবং ফেনী জেলা শেখ হাসিনা ঐক্য পরিষদসহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের পরিচালকের দায়িত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া মো. শহিদুল ইসলাম নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল ও সমাবেশ পরিচালনার অভিযোগও রয়েছে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে।

পুলিশের তথ্য অনুযায়ী, রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970