ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে ভোট গণনা। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উৎসবমুখর ও অনুকূল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে, দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তিন ভুয়া ভোটারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

এরপর ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৪ নম্বর উপঅনুচ্ছেদ অনুযায়ী, ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে বলে জানানো হয়।

আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন।

এই নির্বাচনে মির্জা ফয়সল আমিন বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক। খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী প্রতিদ্বন্দ্বিতা করছেন বটগাছ প্রতীকে। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের প্রতীক ডাব।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970