বিয়ের ১৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসীর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামের এক ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন। বিয়ের মাত্র ১৫ দিন পর এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হাওলাদার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন তানভীর। পথে ঢাকা বরিশাল মহাসড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা ট্রাকটির চাকা তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।