আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হলো না মিফতাহুলের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
উচ্চমাধ্যমিকে জিপিএ-৪.৫০ পেয়ে স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মিফতাহুল জান্নাত দিলশাত (১৯)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে আইনজীবী হওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রায় সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন মিফতাহুল।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
নিহত মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত আনিসুজ্জামান এবং মা রিজিয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তবে পড়াশোনার জন্য মাঝেমধ্যে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়িতে নানার বাসায় থাকতেন তিনি।
মিফতাহুল এবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়েছিলেন।
তার মামা হারুনুর রশিদ বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম সরকারি সিটি কলেজে স্নাতকে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন মিফতাহুল। সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর দ্রুত তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
হারুনুর রশিদ আরও বলেন, সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার ভোরে তার ভাগনি মারা গেছেন। দুর্ঘটনার পর থেকে চিকিৎসার পেছনে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু দুর্ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেলচালক একবারও হাসপাতালে এসে খোঁজ নেননি। মিফতাহুলের বাবা নেই। অনেক কষ্টে তাকে বড় করা হয়েছে।
সোমবার আসরের নামাজের পর পটিয়ায় তাদের গ্রামের বাড়িতে মিফতাহুলের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান তার মামা।
মিফতাহুলের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মেয়েকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা রিজিয়া বেগম। স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও সামলাতে পারছেন না। মেয়ের কথা বলতে গিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী আহত হওয়ার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।