বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির কমিটির সভাপতির
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না।
ঘোষণায় তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ভিক্ষা করার জন্য ১ হাজার ৫০০ টাকা জরিমানার ঘোষণাও দেন তিনি।
ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
কেউ উদ্যোগটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।