গোপালগঞ্জে কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, গত ২৭ অক্টোবর কলেজে দাপ্তরিক কাজ শেষে দুপুরে তিনি বাড়ি ফিরে যান। পরে বেলা পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে তাকে জানান, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান খুলে নিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে দ্রুত কলেজে পৌঁছে তিনি ঘটনার সত্যতা দেখতে পান। শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে সরিয়ে নেওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, কলেজের সভাপতি ও কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাতে সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

এদিকে, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ ট্রেডার্সের কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদ তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970