বিশ্বকাপ ঘিরে ঢাবিতে কড়াকড়ি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
ফিফা বিশ্বকাপ-২০২৬কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং স্টিকারবিহীন যানবাহনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ জুন থেকে বিশ্বকাপ চলাকালীন সময়ে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত রাখা হবে। একই সঙ্গে যানবাহন চলাচলেও বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে।
বিশ্বকাপ চলাকালে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।
তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন পণ্য পরিবহন এবং অন্যান্য সরকারি যানবাহন এই নিয়ন্ত্রণের আওতার বাইরে থাকবে।
এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত সময় সময় পুনর্মূল্যায়ন করা হতে পারে।