কদমতলীর ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:১৩ পিএম
রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শুক্রবার সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ফোম কারখানাটিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় প্রথম ইউনিট। পরে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে ফোম ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।