সন্তান না হওয়ার হতাশা, ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:১৮ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে পড়ে চিকিৎসাধীন এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত রিয়া খাতুন (২০) পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে রিয়া ভবনের অষ্টম তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিয়ার বাবা লতিফ মল্লিক বলেন, কয়েক বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পাশাপাশি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পর তিন দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ভোরে পাশের শয্যায় থাকা এক রোগীর স্বজন বিষয়টি জানালে তিনি দ্রুত মেয়েকে থামানোর চেষ্টা করেন। তবে তার আগেই রিয়া নিচে পড়ে যান। নিচে থাকা একটি ব্যক্তিগত মোটরগাড়ির ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। পরে অন্যদের সহায়তায় তাকে জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ শিবিরের পরিদর্শক মো. ফারুক জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970