উত্তরায় বুকে পিস্তল ঠেকিয়ে কোটি টাকা ছিনতাই, আসামি সাগর বাড়ৈ ৭ দিনের রিমান্ডে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম
রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে পেট্রল পাম্পকর্মীর বুকে পিস্তল ঠেকিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৫ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর। তিনি জানান, শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। সাগর বাড়ৈর বিরুদ্ধে একই ধরনের আরও ৯টি মামলা রয়েছে।
এর আগে সাগর বাড়ৈকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম।
রিমান্ড আবেদনে বলা হয়, সাগর বাড়ৈ তার সহযোগীদের সঙ্গে যোগসাজশে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। তার নাম-ঠিকানাও সন্দেহজনক এবং তা যাচাই করা হচ্ছে। মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে আন্তঃডাকাত চক্রের সক্রিয় সদস্য হওয়ায় বিভিন্ন কৌশলে এলোমেলো তথ্য দিয়েছেন। সময় স্বল্পতার কারণে তাকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনায় জড়িত অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন প্রতিষ্ঠানের কর্মচারী সিএনজি চালক সেলিমুজ্জামান এবং কাভার্ড ভ্যানের চালক মো. খোরশেদকে সঙ্গে নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ড ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে ৩টি মোটরসাইকেলে থাকা ৬ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তি গাড়িটির সামনে এসে গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ছিল ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা।
ছিনতাইয়ের সময় দুর্বৃত্তরা আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখমও করে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাত ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ডিএল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আব্দুল করিম।