ফ্লাইওভারে ‘পিংক বাস’ উঠাতে গিয়ে বিপাকে নারী চালক, সহায়তা করলেন পুরুষ চালক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়েছে নারীদের জন্য চালু করা বিশেষ দোতলা ‘পিংক বাস’। বুধবার (১৯ আগস্ট) দুপুরে ফ্লাইওভারের ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে ব্যর্থ হন নারী চালক ফাহিমা সানজান। পরে বাসটি থামিয়ে দিলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এক পুরুষ চালক।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের উদ্যোগে বিশেষ এই বাসসেবা চালু করা হয়েছে। চালুর পর থেকেই ব্যতিক্রমী এ সেবাটি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

বুধবার শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে ওঠার সময় দোতলা বাসটি ঢাল বেয়ে ওপরে নিতে সমস্যায় পড়েন চালক ফাহিমা সানজান। একপর্যায়ে তিনি বাসটি থামিয়ে দেন। এ সময় সড়কে বড় ধরনের যানজট কিংবা কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সহায়তার হাত বাড়িয়ে দেন এক পুরুষ চালক।

তার সহযোগিতায় শেষ পর্যন্ত বাসটি নিরাপদে ফ্লাইওভারে ওঠানো সম্ভব হয়। এ ঘটনায় আশপাশের মানুষের মধ্যে কিছু সময় কৌতূহল তৈরি হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে সাময়িক উৎকণ্ঠা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

এদিকে নারীদের জন্য চালু করা বিশেষ এই বাসসেবায় যাত্রীসংখ্যা নিয়েও দেখা গেছে ভিন্ন চিত্র। মতিঝিল থেকে মিরপুর-১০ অভিমুখী গোলাপি রঙের দোতলা বাসটিতে যাত্রী ছিলেন হাতে গোনা কয়েকজন।

বাসটির ওপরের তলা ছিল পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত ওই দুজনই বাসটিতে ছিলেন। পরে সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসে ওঠেন।

যাত্রীসংখ্যা কম থাকায় বাসটি কয়েকটি নির্ধারিত স্থানে না থেমেই চলাচল করে। একই ধরনের চিত্র দেখা গেছে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেও। শাহবাগ মোড়ে ওই বাসে প্রায় চার থেকে ছয়জন যাত্রী দেখা যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970