ঢাকা জুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৪৬ পিএম
রাজধানী ঢাকায় পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন এবং সিটিটিসি বিভাগে ২ জন রয়েছেন।
অভিযানকালে ২টি দেশীয় তৈরি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ৪টি চার্জারে থাকা ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৭০ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশবিশেষ, ৫টি মোবাইল ফোন, ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা মূল্যের একটি হাতঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।