থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ এএম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ ভ্যান নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনসহ আরও ৪ সদস্য আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে বিমানবাহিনীর সদস্যরা তৃতীয় টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ সদস্যের মৃত্যু হয়। আহত হন আরও ৪ জন।
নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ। এ ছাড়া সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে আহত ও নিহতদের উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।