শাহজালালে বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার সোনা উদ্ধার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের নিচ থেকে ৯ কেজি ৩৩ গ্রাম সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউস সূত্রে এ তথ্য জানা গেছে।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে অভিযান চালায়। এ সময় বিমানের একটি সিটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক মূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।