বাড্ডায় ফার্নিচারের গোডাউনের আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার প্রয়োজন না থাকায় পূর্বাচল ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের পথে থাকা অবস্থায় ফিরে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।