মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপি আটক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক খন্দকার মো. আজিজুল হক আরজুর বয়স ৬৯ বছর। তিনি পাবনা ২ আসনের ২০১৪ সালের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। এ কারণে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
তিনি জানান, বিষয়টি তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।