একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজারে একদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক রিকশাচালক আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী উড়ালসড়কের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়। একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়েও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।

আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মহাখালী এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়ে বনানী থানার উপপরিদর্শক মো. তারেক বলেন, মহাখালী উড়ালসড়কের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা এটি ছুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

মালিবাগ রেলগেট সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, জুমার নামাজের পরপরই উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছোড়া হয়। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। উড়ালসড়কের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970