গাজী নজরুলের স্ত্রী মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে যা আছে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ এএম

ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়ম খাতুনের হাতে লেখা চিঠিগুলোতে স্বামীর সঙ্গে সম্পর্কের নানা আবেগঘন মুহূর্তের কথা উঠে এসেছে। চিঠিগুলোতে ভালোবাসার পাশাপাশি প্রতারণার অভিযোগ, সম্পর্কের জটিলতা, বিশ্বাসভঙ্গ এবং তীব্র মানসিক কষ্টের কথা তুলে ধরেছেন তিনি।

চিঠির বিভিন্ন অংশে নিজেকে দাবার গুটি হিসেবে মনে হওয়ার কষ্টের কথা যেমন রয়েছে, তেমনি শেষ পর্যন্ত হার না মানার প্রত্যয়ের কথাও উঠে এসেছে। তীব্র আবেগ ও অভিমানে লেখা এসব চিঠিতে সম্পর্কের টানাপোড়েনের নানা দিক ফুটে উঠেছে।

একটি চিঠিতে মরিয়ম লিখেছেন, ‘তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি’, ‘আমি হেরেছি, তুমি জিতেছো’ এবং ‘ততটা সস্তা আমি নই’। এসব কথায় স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে তার গভীর মানসিক দ্বন্দ্ব ও ক্ষোভের প্রকাশ ঘটেছে।

আরেকটি চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

অন্য একটি পাতায় নিজের অবস্থান ও ভালোবাসার টানাপোড়েনের কথা তুলে ধরেছেন মরিয়ম। সেখানে তিনি লিখেছেন, ‘সে ছিল অন্য নারীর স্বামী, কাগজে কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা...!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ...!!! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের কারণ... ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়... ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!’

বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতিও উঠে এসেছে আরেকটি চিঠিতে। সেখানে লেখা হয়েছে, ‘সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো, আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’

জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় ক্ষোভ ও পরিণতির ইঙ্গিত পাওয়া যায়। সেখানে মরিয়ম লিখেছেন, ‘আমি হেরেছি, তুমি জিতেছো, কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি, শৃঙ্গের শেষ বাড়িয়ে ও হাসতে হাসতে মুখে হাসি রেখেছি, দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’

চিঠিগুলোর ভাষায় মরিয়মের ভালোবাসা, অভিমান, বিশ্বাসভঙ্গ ও মানসিক কষ্টের পাশাপাশি সম্পর্ক থেকে বেরিয়ে আসার দৃঢ়তাও প্রকাশ পেয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970