কমলাপুরে ট্রেনের কোচে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, আগুনে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ পুড়ে গেছে। আগুন দ্রুত পুরো কোচে ছড়িয়ে পড়ার আলামত দেখে প্রাথমিকভাবে পেট্রোল বা গান পাউডার ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। তদন্ত কমিটিকে ঘটনাটি খতিয়ে দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে।