বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

ছবি: সংগৃহীত

বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা শেখার সুযোগ তৈরি করতে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫ ২৬ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তাদের বড় একটি অংশই অদক্ষ শ্রমিক। শ্রমবাজারে দক্ষতা বাড়ানোর অন্যতম উপায় হিসেবে এবার বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা হচ্ছে।

বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু অপ্রচলিত শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা গুরুত্বপূর্ণ। এসব দেশে যাওয়ার আগে ভাষা শেখার খরচ মেটাতে এবার ঋণের ব্যবস্থা করছে সরকার।

এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংককে এক হাজার কোটি টাকার তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এর আওতায় বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার তহবিল সরবরাহ করবে। সেই অর্থ দিয়ে যেসব দেশে বাংলাদেশি কর্মীরা যাবেন, সেসব দেশের প্রাথমিক ভাষা শেখার জন্য ঋণ দেওয়া হবে।

তবে এই তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও অভিবাসন খাতের বিশেষজ্ঞরা। বিশেষ করে ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস শেকিল চৌধুরী বলেন, ভাষা শিক্ষার জন্য ১০ লাখ টাকা কেন লাগবে, তা বিবেচনা করা প্রয়োজন। বিদেশ যাওয়ার পুরো প্রক্রিয়াতেই এত টাকা খরচ হওয়ার কথা নয়। একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির নামে ১০ লাখ টাকা পর্যন্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। তাই বিষয়টি বাস্তবতার আলোকে নির্ধারণ করা উচিত।

তবে প্রবাসী কল্যাণ ব্যাংক জানিয়েছে, ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম বলেন, কোনো জামানত ছাড়াই জাপানে যেতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। তবে এই অর্থ ঋণগ্রহীতার নিজস্ব হিসাবে দেওয়া হবে না। জাপানে যে কলেজে তিনি ভাষা শিক্ষার জন্য ভর্তি হবেন, সেই প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি পরিশোধ করা হবে।

ভাষা শিক্ষা ছাড়াও অভিবাসন খাতের উন্নয়নে নিজস্ব নিয়ম অনুযায়ী এই তহবিল ব্যবহার করতে পারবে প্রবাসী কল্যাণ ব্যাংক।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970