এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড, ৫ দিনেই আবেদন ৩ লাখ ছাড়াল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে নতুন রেকর্ড হয়েছে। ফল প্রকাশের পর মাত্র ৫ দিনেই ৩ লাখের বেশি শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে।

গত দুই দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। এবারের পরীক্ষায় ৪১ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। ফলে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

গত ১১ আগস্ট থেকে অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করার সুযোগ পাবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) বিকেল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট ৩ লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে কোনো বছরই এসএসসিতে এত কম সময়ে এত বেশি আবেদন জমা পড়েনি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের মতে, এবারের পরীক্ষায় ফেল করার হার বেশি হওয়ায় খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়। আবেদন করা হলে সংশ্লিষ্ট বিষয়ের উত্তরপত্র নির্ধারিত নিয়মে পুনরায় যাচাই করে দেখা হয়। আবেদন গ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার পর শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970