ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে ড্রামার আদনান রুশদীর হার্ট অ্যাটাক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৩১ এএম

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেও স্ত্রী ও সন্তানকে নিয়ে আনন্দঘন মুহূর্তের ছবি ও নানা স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছিলেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। কিন্তু হঠাৎ বদলে যায় তার ফেসবুক টাইমলাইনের চিত্র। একের পর এক পোস্টে স্ত্রীর জন্য রক্তের আবেদন জানাতে দেখা যায় তাকে। জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার স্ত্রী শিরিন সুলতানার প্লাটিলেট মারাত্মকভাবে কমে গেছে।

শেষ পর্যন্ত স্ত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান শিরিন সুলতানা। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে গভীর শোকে হৃদরোগে আক্রান্ত হয়েছেন আদনান রুশদী।

পারিবারিক সূত্র জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এই সংগীতশিল্পী। আদনান রুশদী ও শিরিন সুলতানা দম্পতির চার বছর বয়সী একটি সন্তান রয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডের সঙ্গে নিয়মিত ড্রামার হিসেবে কাজ করছেন আদনান রুশদী। বিভিন্ন সময়ে ভোকালিস্ট হিসেবেও গান করেছেন তিনি। পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটসহ বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন এই শিল্পী।

আদনান রুশদী ও তার পরিবারের এই কঠিন সময়ে শোক প্রকাশ করেছে ব্যান্ড চিরকুট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারা জানায়, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে কিছুদিন ব্যান্ডটিতে ড্রামস বাজিয়েছিলেন রুশদী।

চিরকুটের পক্ষ থেকে আরও জানানো হয়, পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে আদনান রুশদীর দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন ব্যান্ডটির সদস্য ও ভক্তরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970