শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা রণবীর ও সাই পল্লবী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
মুম্বাইয়ের ফিল্ম সিটিতে পরিচালক নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ এর শুটিং সেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ৫ অক্টোবর বিকেলে গোড়েগাঁও ইস্টের ফিল্ম সিটিতে একটি অস্থায়ী শুটিং সেটে আগুন লাগে। এতে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ সিনেমার শুটিংয়ের জন্য ফিল্ম সিটির ওই স্থানটি ব্যবহার করা হচ্ছিল। আগুন লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
মুম্বাই ফায়ার ব্রিগেড জানিয়েছে, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার ব্রিগেড। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের মুম্বাই ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, রিলায়েন্স মিডিয়া ওয়ার্কস এবং প্রাইম ফোকাস স্টুডিওর পেছনে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার ব্রিগেডের ভাষ্য অনুযায়ী, এটি ছিল লেভেল ১ মাত্রার আগুন। ১০০ ফুট বাই ২০ ফুট আকারের একটি অস্থায়ী কাঠামোর ভেতরে থাকা পিসিআর ইউনিটে আগুন লাগে। পরে বৈদ্যুতিক তার ও ফিটিংস, কাঠের পাটাতন, দরজা, বাঁশের কাঠামো, প্লাস্টিক সামগ্রী, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, শব্দব্যবস্থা ও শুটিংয়ের বিভিন্ন সরঞ্জামে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীদের পাশাপাশি স্থানীয় পুলিশ, বিএমসি ওয়ার্ড কন্ট্রোল এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৫৩ মিনিটের চেষ্টায় বিকেল ৪টা ৫৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের ধোঁয়া ও নিরাপত্তাজনিত কারণে ফিল্ম সিটির আশপাশের কয়েকটি শুটিংও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর মধ্যে এমটিভির ‘হাসল ৫’ এবং ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’ এর শুটিং সেটও ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’ এর সেট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন আশপাশের শুটিং এলাকায় ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে কাঠামো ও সরঞ্জামের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক মূল্যায়ন চলছিল।
এদিকে মুম্বাইয়ে ‘রামায়ণ’কে ঘিরে একটি প্রচারমূলক অনুষ্ঠানে আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতা মিস্টার বিস্টের উপস্থিতির কিছুক্ষণ পরই আগুন লাগার ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে রণবীর কাপুর, সাই পল্লবী, প্রযোজক নামিত মালহোত্রা, অভিনেতা রবি দুবে এবং পরিচালক নিতেশ তিওয়ারিও উপস্থিত ছিলেন।
বড় পরিসরে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় সিনেমার বহুল প্রতীক্ষিত বহুখণ্ডের প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিনেমাটির প্রথম পর্ব ‘রামায়ণ: পার্ট ১’ ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সালের দীপাবলি।
সূত্র: জিনিউজ