মধ্যপ্রাচ্য উত্তেজনায় পারস্য উপসাগর ও লোহিত সাগরে আটকা ফ্রান্সের ৬০ জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক নৌপরিবহনেও। এই পরিস্থিতিতে পারস্য উপসাগর ও লোহিত সাগরে ফ্রান্সের অন্তত ৬০টি জাহাজ আটকা পড়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো।
ফরাসি গণমাধ্যম CNews-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পারস্য উপসাগরে বর্তমানে ফ্রান্সের ৫২টি জাহাজ অবস্থান করছে, যেগুলো নিরাপত্তাজনিত কারণে চলাচল করতে পারছে না। একই সঙ্গে লোহিত সাগরে আরও আটটি ফরাসি জাহাজ আটকে রয়েছে।
পরিবহনমন্ত্রী বলেন, এই জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্রু সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। কারণ এসব জাহাজের বেশ কয়েকটিতে ফরাসি নাবিকরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে ফ্রান্স আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি যৌথ জোট গঠনের চেষ্টা চালাচ্ছে প্যারিস, যাতে করে পারস্য উপসাগর ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে স্থিতিশীলতা বজায় রাখা যায়।
উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতেও।
সূত্র: Al Jazeera।