রাশিয়া আহ্বান জানাল আফগানিস্তানের জব্দকৃত সম্পদ ফিরিয়ে দিতে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পিএম
রাশিয়া ও আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকর্তারা মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন। কয়েক মাস আগে মস্কো তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পর এটি তাদের প্রথম সরাসরি বৈঠক।
বৈঠকে অংশ নেওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর আফগানিস্তানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান— আফগানিস্তানের যুদ্ধোত্তর পুনর্গঠনে সহায়তা করার এবং দেশের জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেওয়ার।
ল্যাভরভ বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তালেবান সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, তালেবান দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) এর আঞ্চলিক শাখার সঙ্গে লড়াই করছে এবং মাদক পাচারের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে।
রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং রাষ্ট্রীয় সম্পদ জব্দ করার নীতিকেও সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, আফগানিস্তান বা এর প্রতিবেশী দেশে কোনো দেশের সামরিক ঘাঁটি স্থাপন মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
বৈঠকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, ভারত, ইরান, পাকিস্তান এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের পাঁচটি মধ্য-এশীয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ সাংবাদিকদের নিশ্চিত করেছেন, আফগানিস্তানে মস্কোর কোনো সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নেই।
তালেবান ২০২১ সালে পশ্চিমাদের সহায়তাপুষ্ট সরকার উৎখাত করে ক্ষমতায় আসে। ২০২৫ সালের জুলাইয়ে রাশিয়া প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের ইসলামিক আমিরাতকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মিত্র’ হিসেবে উল্লেখ করেছিলেন।